রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াল ২ হাজার কিমি

ইরান ব্যালিস্টিক মিসাইলের পাল্লা দুই হাজার কিমি পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।

ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াল ২ হাজার কিমি

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ব্যালিস্টিক মিসাইলের পাল্লার ক্ষেত্রে স্বঘোষিত দুই হাজার কিলোমিটারের সীমা তুলে নিয়েছে। শনিবার (৭ নভেম্বর) আইআরজিসির মুখপাত্র জেনারেল হোসেইন মোহেব্বি এই ঘোষণা দেন।

মোহেব্বি তেহরানে এক সংবাদ সম্মেলনে জানান, আগের বিধিনিষেধটি তুলে নেওয়া হয়েছে এবং ইরান এর সামর্থ্য প্রমাণ করবে। এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো ধরনের হুমকির জবাব ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করেই দেওয়া হবে।

নতুন করে যুদ্ধের আশঙ্কার মধ্যে ইরান দূরপাল্লার মিসাইল তৈরির এই ইঙ্গিত দিয়েছে, যা গ্রিসের কিছু অংশ থেকে শুরু করে মিশরের বেশিরভাগ অংশেও পড়বে। গত মার্চে, ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি ডিয়েগো গার্সিয়ায়, প্রায় চার হাজার কিলোমিটার দূর থেকে মিসাইল হামলার চেষ্টা করে ব্যর্থ হয় ইরান।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানুয়ারির মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করার পরামর্শ দিয়েছেন তার উপদেষ্টারা। ট্রাম্প যদিও বড় কোনো অভিযানের সিদ্ধান্ত নেননি, তবে তিনি জানিয়েছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে একটি 'ছোটখাটো' সামরিক অভিযান চালানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনের মাধ্যমে ইরানের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করছেন। এছাড়া, ইরানের উন্নত অস্ত্র ও নিষিদ্ধ সামগ্রী পাচার রোধে 'টাস্কফোর্স আয়রন গেট' নামের একটি নতুন বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিচালিত এই পদক্ষেপ ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন এবং সামরিক সক্ষমতা পুনর্গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। উল্লেখ্য, মার্কিন নৌ অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান গত এক বছরে রাশিয়া, মধ্য এশিয়া ও চীন থেকে অন্তত ২০০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ও বিস্ফোরক আমদানি করেছে।

বিজ্ঞাপন