কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে অসংগতি এবং তথ্য গোপনের অভিযোগ উঠেছে। সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি এ অভিযোগ তুলেছেন এবং প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত আবেদন করেছেন।
মঙ্গলবার নির্বাচন কমিশনে জমা দেওয়া আবেদনে আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন, ব্যাংক হিসাব, স্থাবর-অস্থাবর সম্পদ ও নির্বাচনী ব্যয়ের বিবরণীতে বিভিন্ন অসংগতির কথা উল্লেখ করা হয়েছে। আবেদনের দাবি অনুযায়ী, নির্বাচনী হলফনামায় প্রদত্ত তথ্যের সঙ্গে আয়কর রিটার্নের মধ্যে গুরুত্বপূর্ণ অমিল রয়েছে।
সিরাজুল ইসলাম জানান, আমির হামজার আয়কর রিটার্নে ব্যাংক স্থিতি শূন্য দেখানো হলেও সংশ্লিষ্ট সময়ে তার ব্যাংক হিসাবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ছিল। এছাড়া, নির্বাচনী হলফনামায় নগদ অর্থের পরিমাণের সঙ্গে আয়কর রিটার্নে প্রদর্শিত অর্থের মধ্যে পার্থক্য রয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, আমির হামজার স্ত্রীর আয়কর রিটার্ন প্রকাশ না করা, তার নামে থাকা কৃষি ও অন্যান্য সম্পদের তথ্য যথাযথভাবে উল্লেখ না করা এবং কুষ্টিয়া শহরে তার নিজের নামে থাকা আবাসিক প্লটের তথ্য গোপনের অভিযোগও তোলা হয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, তিনি একজন সচেতন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনে আবেদন করেছেন যাতে সাধারণ মানুষ প্রকৃত তথ্য জানতে পারে। অভিযোগের বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।