টঙ্গীর উওরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে নৌ পুলিশ।
স্থানীয়রা বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জরুরি পরিসেবা ৯৯৯ এর ফোনকলের মাধ্যমে জানান। পরে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরোতহাল প্রস্তুত করে।
উদ্ধারকৃত মরদেহের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তার হাতে একটি ঘড়ি ও পকেটে একটি আইফোন পাওয়া যায়। আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
তাওসিফ সৌরি বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করার পর সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে টঙ্গী নৌ পুলিশ।