বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চকরিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ২

চকরিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে মা-মেয়েসহ ২ জন নিহত, আহত ২।

চকরিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুজন।

গত বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বানিয়ারছড়া এলাকার আমতলা পাহাড়ের বাঁকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা ইসমত আরা (৫৫) এবং তাঁর মেয়ে আয়েশা (১০)।

আহতদের মধ্যে প্রাইভেটকারের চালক আশিকুর রহমান (২৭) এবং ইসমত আরার ছেলে সম্রাট (৩০) অন্তর্ভুক্ত রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ জাকিবুল ইসলাম।

তিনি জানান, স্বাধীন ট্রাভেলসের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল, এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বাস ও প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। জাকিবুল ইসলাম আরও জানান, নিহতদের পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়েছেন এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন