বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাদারীপুরে ট্রাকচাপায় ইতালি প্রবাসী নিহত, শোকের ছায়া পরিবারে

মাদারীপুরে ট্রাকচাপায় নিহত হয়েছেন ইতালি প্রবাসী তানভীর হাওলাদার। মাত্র ১৫ দিন আগে বিয়ে করেছিলেন তিনি।

মাদারীপুরে ট্রাকচাপায় ইতালি প্রবাসী নিহত, শোকের ছায়া পরিবারে

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালি প্রবাসী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের খামারবাড়ি এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে। তিনি ইতালি প্রবাসী ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, তানভীর মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্বজনরা জানান, মাত্র ১৫ দিন আগে তানভীর বিয়ে করেছিলেন। বিয়ের পরপরই এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবার থেকে জেনেছি, নিহত তানভীর মাত্র ১৫ দিন আগে বিয়ে করেছিলেন।’

বিজ্ঞাপন