চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নেজাম উদ্দিন (৫০) নামের এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে সরফভাটা ইউনিয়নের মীরেরখিল গ্রামের কালিছড়ি ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের দুটি হাত কনুই পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।
নিহত নেজাম উদ্দিন ওই ইউনিয়নের মীরেরখিল স্লুইসগেট এলাকার মৃত রফু মিয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি দিনমজুর হিসেবে কাজ করতেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নেজামের একটি পাকা ধানখেত রয়েছে, যা বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা করার জন্য তিনি মঙ্গলবার বিকেলে পাহারা দিতে যান। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি।
সকাল বেলা পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয়ে ধানখেত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি পিচঢালা সড়কের মাঝখানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। নিহতের স্বজন নূরুল আলম অভিযোগ করেন, সম্প্রতি ঘর নির্মাণকে কেন্দ্র করে সন্ত্রাসীরা নেজামের কাছে চাঁদা দাবি করেছিল। ধারণা করা হচ্ছে, সেই চাঁদা না দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের ছোট ভাই জসিম উদ্দিন জানান, তার ভাই অত্যন্ত নিরীহ ছিলেন এবং কেন তাকে এমনভাবে হত্যা করা হলো, তা তারা বুঝতে পারছেন না। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নেজাম উদ্দিনের হাত কনুই পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।