বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিটিআরসির সতর্কতা: চট্টগ্রামের মার্কেটে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ

বিটিআরসি চট্টগ্রামের মার্কেটে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগে সতর্ক করেছে।

বিটিআরসির সতর্কতা: চট্টগ্রামের মার্কেটে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ

চট্টগ্রামের দুটি বাণিজ্যিক মার্কেটে ইন্টারনেট সেবা প্রদানে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছে।

সোমবার ঢাকায় বিটিআরসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেডের ইন্টারনেট সেবা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বিটিআরসি, সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) প্রতিনিধিরা অংশ নেন।

আইএসপিএবি অভিযোগ করে, মেরিডিয়ান কোহিনূর সিটিতে মার্কেট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন সক্রিয় নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহার করতে হয় আইএসপিগুলোকে। এ জন্য এককালীন ১ লাখ টাকা এবং মাসিক আয়ের ৩৫ শতাংশ পর্যন্ত সেবা ফি নেওয়া হচ্ছে। বিটিআরসি এ বিষয়ে মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করে।

বৈঠকে জানানো হয়, বালি আর্কেডের ক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষ একটি আইএসপি থেকে ইন্টারনেট সংযোগ নিয়ে তা নিজেদের ইউটিলিটি সেবা হিসেবে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে সরবরাহ করছে। গ্রাহকদের কাছ থেকে সরাসরি বিল আদায় করা হচ্ছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেডের দোকান, অফিস এবং অন্যান্য গ্রাহক বিটিআরসির অনুমোদিত ট্যারিফ অনুযায়ী নিজেদের পছন্দের যেকোনো বৈধ লাইসেন্সধারী আইএসপি থেকে ইন্টারনেট সেবা নিতে পারবেন।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘গ্রাহকের সেবাদাতা নির্বাচনের স্বাধীনতা, আইএসপিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে তারা বিটিআরসি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।’

আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঞা আশা প্রকাশ করেন, ‘বিটিআরসির নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষ গ্রাহকের পছন্দের স্বাধীনতা এবং বৈধ আইএসপিগুলোর সমান ব্যবসায়িক সুযোগ নিশ্চিত করবে।’

বিজ্ঞাপন