বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মই এই দুর্ঘটনার প্রধান কারণ। এ বছরের প্রথম ছয় মাসে ১৫৫টি সড়ক দুর্ঘটনায় ১১৭ জনের মৃত্যু হয়েছে এবং ২৮৮ জন আহত হয়েছেন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জানায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা ট্রাফিক ব্যবস্থাপনা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে। বিআরটিএর পরিচালক জিয়াউর রহমান বলেন, “প্রতি বাস মিনিবাসে জিপিএস সিস্টেম থাকতে হবে। এটি চালু হলে সার্বিক মনিটরিং সম্ভব হবে।”
বিএমপির এডিসি ট্রাফিক আনিসুর রহমান দুর্ঘটনার কারণ হিসেবে সরু সড়ক ও মহাসড়ক মেরামতে গাফিলতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, “স্পিড ক্যাম ও সিসিটিভির সাহায্যে তদারকি জোরদার করা হচ্ছে।”
দুর্ঘটনা পর্যবেক্ষক মো. রুবাইয়াত বিন আলী বলেন, “দুর্ঘটনা রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ট্র্যাফিক আইনের সঠিক প্রয়োগ জরুরি।”
গত এক বছরে বরিশাল বিভাগে আইন না মানার জন্য ১০ হাজার ৫৩৯টি মামলা দায়ের করা হয়েছে, যার মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা জরিমানা আদায় হয়েছে।