২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ান-আমেরিকান পার্টিকল ফিজিসিস্ট ফ্রান্সিস হ্যালজেন। ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’তে গুরুত্বপূর্ণ অবদান এবং জ্যোতির্পদার্থবৈজ্ঞানিক উৎস থেকে উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারে তার ভূমিকার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) নোবেল পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের বিজয়ীদের নির্বাচন করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। বিজয়ীরা মোট ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনার বা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের অর্থমূল্যের পুরস্কার পান। একাধিক বিজয়ী থাকলে এই অর্থ তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী নোবেল পুরস্কারের প্রবর্তন হয়। ১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার দেওয়া হয় এবং এটি বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়ে থাকে। পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের তালিকায় রয়েছেন আলবার্ট আইনস্টাইন, মেরি কুরি ও পিয়েরে কুরি, ম্যাক্স প্ল্যাঙ্ক এবং নিলস বোর।
গত বছর ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল ডেভোরে ও জন মার্টিনিস। কোয়ান্টাম ফিজিক্সের নীতিগুলো বাস্তবে কীভাবে কাজ করে, তা প্রদর্শনকারী পরীক্ষার জন্য তাদের পুরস্কৃত করা হয়।
চলতি বছরের নোবেল পুরস্কারের মধ্যে এটি দ্বিতীয় ঘোষণা। আগামীকাল বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। প্রতি বছর ১০ ডিসেম্বর স্টকহোমে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পদক তুলে দেন সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ।
নোবেল শান্তি পুরস্কার আলাদাভাবে নরওয়ের রাজধানী অসলোতে প্রদান করা হয়।