সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের হামলা

ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের হামলায় চারজন নিহত হয়েছে।

ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের হামলা

ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্র একটি দ্রুতগতির নৌযানে হামলা চালিয়েছে, যেখানে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ হামলার ফলে মাদকবিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা ২২০ ছাড়িয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর ইউএস সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারের জন্য ব্যবহৃত পরিচিত নৌপথে চলাচলকারী নৌযানটিকে লক্ষ্য করে ‘প্রাণঘাতী সামরিক হামলা’ চালানো হয়েছে।

নৌযানটি মাদক পাচারের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। হামলায় নিহত চারজনকে ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করেছে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে যেসব নৌযানে হামলা চালানো হয়েছে, সেগুলোতে মাদক পরিবহন করা হচ্ছিল। তবে হামলার বৈধতা নিয়ে আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠেছে।

হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞরা এসব হামলাকে বেআইনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম বিষয়ক বিশেষ প্রতিবেদক বেন সলও এসব হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, এসব হামলা প্রচলিত আন্তর্জাতিক আইনের আওতায় ‘মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যাকাণ্ড’ হিসেবে বিবেচিত হওয়ার ‘যৌক্তিক ভিত্তি’ রয়েছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) ট্রাম্প প্রশাসনের হামলার লক্ষ্যবস্তুদের বিরুদ্ধে করা অভিযোগকে ‘ভিত্তিহীন ও আতঙ্ক ছড়ানো দাবি’ হিসেবে অভিহিত করেছে।

বিজ্ঞাপন