ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সরকারি বাহিনীকে পূর্ণাঙ্গ সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইয়েমেনের সরকারি বাহিনীকে ‘রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা এবং হুতিদের অভ্যুত্থানের অবসান ঘটাতে’ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে হুতিদের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ইয়েমেন, সৌদি আরব, লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালিতে সৌদি পতাকাবাহী জাহাজে হুতিদের হামলার ঘটনা উল্লেখ করে এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা করা হয়।
মেজর জেনারেল আল-মালিকি আরও জানান, সৌদি আরব তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।
এদিকে, ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে বড় ধরনের লড়াই বন্ধ হওয়ার পর এবারই সবচেয়ে গুরুতর সংঘাত দেখা দিয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।