গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে হুতিদের লক্ষ্য করে ৪১৪টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এই তথ্যটি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সরকারী বার্তা সংস্থা সাবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়।
সামরিক মুখপাত্র মাজেদ আল-নুজাইলি বলেন, এসব অভিযানে হুতিদের সামরিক শক্তি ও রসদ সরবরাহের ওপর হামলা চালানো হয়েছে। তবে, তিনি হামলায় হুতি যোদ্ধা ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।
এদিকে, ইয়েমেন সেনাবাহিনীর এই দাবির বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে, সোমবার (২৮ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারি বাহিনী ১০টি ফ্রন্টে হুতিদের লক্ষ্য করে ৩৫৬টি অভিযান চালিয়েছে।
মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, এসব অভিযানে গোষ্ঠীটির ৪৭৬ সদস্য নিহত বা আহত হয়েছে। ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে।
২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন একটি জোট দেশটিতে হস্তক্ষেপ করে। সেপ্টেম্বর মাসে সংঘাত আরও তীব্র হয় এবং হুতিরা আল-হুদায়দাহ ও তাইজ প্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখলে নেয়, যার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোকা শহরও রয়েছে।
এছাড়াও, তারা বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত মায়ুন দ্বীপেও পৌঁছে যায়।