মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফ্যামিলি কার্ডের জন্য তদবিরের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড পেতে কাউকে তদবির করতে হবে না, জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ফ্যামিলি কার্ডের জন্য তদবিরের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের নারীপ্রধানকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। তিনি বলেন, এই কার্ড পেতে কাউকে তদবির করতে হবে না।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ফ্যামিলি কার্ড একটি সর্বজনীন কর্মসূচি এবং এর আওতায় দেশের প্রতিটি নারীপ্রধানকে অন্তর্ভুক্ত করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ডের আওতায় হতদরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের নারীপ্রধানদেরও অন্তর্ভুক্ত করা হবে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, তার স্ত্রী, জেলা প্রশাসক এবং এমপির স্ত্রীরাও এই কার্ড পাবেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণীও ফ্যামিলি কার্ড পাবেন। মীর শাহে আলম জানান, এই কার্ড থেকে কেউ বাদ পড়বেন না, যা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া, তিনি কৃষক কার্ড নিয়েও কথা বলেন এবং জানান, কৃষক কার্ডও একটি সর্বজনীন কর্মসূচি। এই কার্ড পেতেও কাউকে তদবির করতে হবে না। মাঠপর্যায়ে কৃষকদের তালিকাভুক্তির কাজ চলছে এবং আগামী চার বছরের মধ্যে ২ কোটি ১০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।

মীর শাহে আলম জামায়াতে ইসলামীকে সমালোচনা করে বলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ধর্মের কথা বলে, কিন্তু মসজিদ ও ইমামদের নিয়ে কখনও ভাবেনি। তাদের নির্বাচনী ইশতেহারে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন