এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে।
এ প্রকল্পে নারীদের আবাসন অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং অনুমোদিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই অর্থায়ন কার্যকর হবে।
দেশের অনানুষ্ঠানিক খাতে আয় করা পরিবারগুলো সাধারণত প্রাতিষ্ঠানিকভাবে আবাসন ঋণ পায় না। এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং জানান, আবাসন মানুষের মর্যাদা, সুযোগ ও সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
তিনি বলেন, "এই প্রকল্প দারিদ্র্য কমানো, সামাজিক সুরক্ষা শক্তিশালী করা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।"
২০৩১ সালের মধ্যে অন্তত ৪০ হাজার পরিবারকে ঋণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত ৩২ হাজার নারী এবং প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসকারী অন্তত ২৪ হাজার ঋণগ্রহীতা থাকবেন।