শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘ছোটকাকু উৎসব ২০২৬’

রাজধানীতে ‘ছোটকাকু উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর।

রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘ছোটকাকু উৎসব ২০২৬’

শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’ এবার দুই দিনের উৎসবের মাধ্যমে হাজির হচ্ছে। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর আলোকি, গুলশান-তেজগাঁও লিংক রোডে অনুষ্ঠিত হবে ‘ছোটকাকু উৎসব ২০২৬’।

উৎসব উপলক্ষে শনিবার দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ছোটকাকুর স্রষ্টা ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অভিনেতা আফজাল হোসেন, নাট্য নির্দেশক তারিক আনাম খানসহ সংশ্লিষ্ট অনেকে।

এতে জানানো হয়, দুই দিনের উৎসবে থাকবে মজাদার প্রতিযোগিতা, পুরস্কার, আলোচনা ও বিনোদনমূলক আয়োজন। আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের পাশাপাশি পুরো পরিবার নিয়েই উৎসবে অংশ নেওয়া যাবে।

ছোটকাকুর অন্যতম আয়োজক সানাউল আরেফিন বলেন, ‘বাচ্চাদের কথা বিবেচনা করে আমরা পুরো আয়োজনটি রেখেছি যাতে তারা সুন্দর কিছু নিয়ে ঘরে ফিরতে পারে।’

ফরিদুর রেজা সাগর জানান, ২০০৪ সালে ‘কক্সবাজারে কাকাতুয়া’ দিয়ে ছোটকাকু লেখার পরিকল্পনা শুরু হয়। এখন পর্যন্ত ছোটকাকুর ৪৮টি বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে ৪৫টি বইয়ের গল্প বাংলাদেশের ৪৫টি জেলা নিয়ে লেখা হয়েছে।

ছোটকাকুর স্রষ্টা উল্লেখ করেন, তার জীবনে এই চরিত্রের সঙ্গে জড়িত দুজন মানুষ ছিলেন। তিনি বলেন, ‘আমার সত্যিই একজন ছোটকাকু ছিলেন ড. ফজলুল আলম। আর ছোটকাকু মূলত যার প্রেরণায় লেখা হয়েছে, তিনি আমীরুল ইসলাম।’

আফজাল হোসেন ১৫ বছর ধরে ছোটকাকু চরিত্রে অভিনয় করছেন। তিনি জানান, ‘ছোটকাকু চরিত্রে অভিনয় শুরু করার সময় আমি অভিনয় থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম।’

আফজাল হোসেন আরও বলেন, ‘জীবনে আনন্দ ও উৎসব প্রয়োজন। সেই আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করতেই এই আয়োজন।’ তিনি জানান, ‘প্রশংসার মতো কাজ যে দেশে হয়, সেটাও তো বলতে হবে। তার জন্যই আমাদের ছোটকাকু উৎসব।’

ছোটকাকু গল্প, রহস্য ও বিনোদনের পাশাপাশি সাহসিকতা, আত্মবিশ্বাস ও পর্যবেক্ষণশক্তির ইতিবাচক বার্তা নিয়ে দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের সঙ্গে রয়েছে। এবার সেই প্রিয় চরিত্রকে ঘিরেই আয়োজন করা হচ্ছে এই উৎসব।

বিজ্ঞাপন