বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেটের এক বছরের কারাদণ্ড

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হাওলাদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেটের এক বছরের কারাদণ্ড

পটুয়াখালীর কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসন সূত্রে জানা যায়, রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসিন্দা। তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তারের চেষ্টা করেন এবং আর্থিক সুবিধা নেন।

অভিযোগ রয়েছে যে, রাসেল কুয়াকাটার সী স্টার ইন. হোটেলে কক্ষ বুকিং করেছেন এবং একটি বিকাশের দোকানে ৩০ হাজার টাকা চার্জ করার চেষ্টা করেছেন। ৪৪তম বিসিএসের গেজেটে তার নাম পরিবর্তন করে ‘মো. রাসেল হাওলাদার’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে।

এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জালিয়াতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই নথি ব্যবহার করে নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন।

রাসেল হাওলাদার বলেন, ‘আমার পরিবারের সদস্যরা জানেন আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমার সকল কাগজপত্র এআই দিয়ে করা।’ তবে প্রশাসনের নজরে আসার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। তিনি জানান, এই অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে রাসেলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে মহিপুর থানার পুলিশ সদস্যদের কাছে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন