জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনের বিল আনা হবে।
২০ সেপ্টেম্বর, রোববার, রাজনৈতিক দলগুলোর সাথে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আরও বলেন, ‘জুলাই সনদের বাইরেও আমাদের নির্বাচনী ইশতেহারে কিছু বিষয় ছিল, যেগুলো জনগণ পক্ষে ভোট দিয়েছে। সেগুলোও ধারণ করা হবে। একপাক্ষিকভাবে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই।’
এসময় বাজেট বরাদ্দের সময় পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘উন্নয়ন প্রকল্পগুলো ভালোভাবে বাস্তবায়নের জন্য আর্থিক বছরের সময় পরিবর্তনের প্রস্তাব দেয়া হবে। ১ এপ্রিল থেকে ৩০ মার্চ পর্যন্ত আর্থিক বছর করার প্রস্তাব দেয়া হবে।’
তিনি বলেন, ‘সংবিধান সংশোধন সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল। অর্থাৎ সংবিধানে যেসব বিষয় রয়েছে, সেগুলো সংশোধন করা হবে।’
উচ্চকক্ষের গঠন নিয়েও আলোচনা করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, 'আমাদের দেশের মতো এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থায় সাধারণত দ্বিকক্ষ আইনসভা হয় না। তবে রাষ্ট্রের প্রয়োজনে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা অনুভূত হলে তা গঠন করা যেতে পারে।'
স্বরাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে দাবি করে বলেন, ‘বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এমন কথার কোনো ভিত্তি নেই।’ তিনি জানান, যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারাও আলোচনায় অংশ নিতে পারবে। ডিসেম্বরের মধ্যে আলোচনাসমূহ শেষ করার পরিকল্পনা রয়েছে।