সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি প্রত্যাখ্যান করেছে ১১ দলীয় ঐক্য। বিএনপির পক্ষ থেকে এই কমিটি গঠন করা হলেও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংশোধন নয়, গণভোটে অনুমোদিত প্রক্রিয়ায় সংবিধানের সংস্কার করতে হবে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা ১১ দলীয় ঐক্য প্রত্যাখ্যান করেছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই জাতীয় সনদ এবং গণভোটে জনগণের দেওয়া রায়কে সম্মান জানিয়ে সাংবিধানিক মতপার্থক্য নিরসন করাই গণতান্ত্রিক পথ।’
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচিত এমপিদের দুটি শপথ নেওয়ার কথা—একটি সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। বিরোধী দলের এমপিরা দুটি শপথ নিলেও বিএনপির এমপিরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, এটি বর্তমান সাংবিধানিক সংকটের প্রধান বিষয়। তিনি বলেন, ‘জাতীয় সংসদ সংবিধানসৃষ্ট প্রতিষ্ঠান হলেও সংবিধানের মৌলিক পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনগণের সার্বভৌম ক্ষমতাই চূড়ান্ত।’
এছাড়া, খেলাফত মজলিসও জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটির কার্যক্রমে আপত্তি জানিয়েছে এবং গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ কার্যকর করার দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।