প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর জন্য উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৬টা ৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন।
ফ্লাইটটি প্রায় আট ঘণ্টা ৪৫ মিনিট পর তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছাবে। ইস্তাম্বুলে দুই ঘণ্টা ৩৫ মিনিটের ট্রানজিটের পর নিউইয়র্কের উদ্দেশে রওনা হবে।
নিউইয়র্কে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
প্রধানমন্ত্রী নিউইয়র্কে থাকার সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশসভা, বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক এবং রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
তিনি রোহিঙ্গা সংকট বিষয়ক একটি পার্শ্ব-অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি জলবায়ু সংক্রান্ত বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
এছাড়া, প্রধানমন্ত্রীর সাথে কুয়েতের ক্রাউন প্রিন্স এবং বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা করেছেন।