জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় রাত ১১টা ৩৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময়সূচি ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে নির্ধারিত।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। এটি তার প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ। সফরের সময় তিনি সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন এবং জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।
অধিবেশনের ফাঁকে তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।