জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর বিকেলে সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা গুরুত্ব পাবে।
এছাড়া রোহিঙ্গা সংকট, মাতৃস্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরকালে কুয়েতের ক্রাউন প্রিন্স, পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইনে বৈঠক করবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীকে চারজন মন্ত্রীসহ ৩৫ সদস্যের প্রতিনিধি দল সফরসঙ্গী করবে।
সফরে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পর্যটনমন্ত্রী ও আইনমন্ত্রী। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।