কুমিল্লায় নিহত কিশোর অপ্রতিমের হত্যার বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, "রামিসা হত্যাকাণ্ডের বিচার যেমন দ্রুত হয়েছিল, অপ্রতিমের ক্ষেত্রেও তেমন হবে। আমরা পুলিশের পক্ষ থেকে সব সহযোগিতা করবো।"
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, "কুমিল্লার ঘটনায় সারাদেশের মানুষ মর্মাহত। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মরদেহ উদ্ধার এবং ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।"
গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তারা কিশোর অপরাধীর মতো আচরণ করেছে। মন্ত্রী জানান, "তাদের সঙ্গে ভিকটিমের উঠাবসা ছিল এবং ঘটনার সমস্ত আলামত পাওয়া গেছে। পুলিশের প্রশংসা করতেই পারি।"
তিনি আরও বলেন, "এ ঘটনায় আদালতও রামিসা হত্যাকাণ্ডের মতো বিচার প্রক্রিয়া শেষ করবেন বলে আশা করছি। অপরাধের পেছনে কিছু ঘটনা থাকে, যার মধ্যে মাদকসহ নানা কারণ রয়েছে।"
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্কুল পর্যায়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডসহ সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে সমাজের পচন রোধে। তিনি বলেন, "সমাজের মানুষকে সচেতন করতে উদ্যোগ নিতে হবে। গুরুতর অপরাধের বিচার ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।"