বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন করেছে। এটির মাধ্যমে আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কূপটির উদ্বোধন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি দেশবাসীকে আস্বস্ত করতে চাই, জ্বালানি খাতের সরবরাহ ও চাহিদার মধ্যে যে বড় ধরনের একটি ঘাটতি রয়েছে আমরা তা পূরণে কাজ করছি।’
মন্ত্রী আরও জানান, ২০৩০ সালের মধ্যে জ্বালানি অবকাঠামো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পরিকল্পনামাফিক কাজ শেষ হলে সরবরাহ ও চাহিদার মধ্যে ঘাটতি পূরণ হবে, যা শিল্প, বিদ্যুৎ ও গৃহস্থালি খাতে সমস্যা সমাধানে সহায়ক হবে।
আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে তিতাসের ২৯, ৩০ ও ৩১ নম্বর এবং বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ১১ নম্বর কূপ থেকে আরও প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। সব কূপের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে মোট প্রায় ৬৭ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
বিজিএফসিএল জানায়, তিতাস-২৮ নম্বর কূপের খনন কাজ প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে। কূপটির গভীরতা প্রায় ১৩ হাজার ফুট। গত বছরের ১৫ ডিসেম্বর সুনিপুন পরিকল্পনার মাধ্যমে কূপটির খনন কাজ শুরু হয় এবং গত ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়।
পরীক্ষামূলক সময়ে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।