বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সুন্দলপুর কূপে গ্যাসের সন্ধান, ৯৭.৬৯ বিসিএফ মজুদ

সুন্দলপুর সাউথ-১ কূপে ৯৭.৬৯ বিসিএফ গ্যাসের মজুদ নিশ্চিত করেছে বাপেক্স।

সুন্দলপুর কূপে গ্যাসের সন্ধান, ৯৭.৬৯ বিসিএফ মজুদ

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) জানায়, কূপটির দুটি জোনে ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে।

ভোক্তা পর্যায়ে এ গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

আজ সোমবার বিকেলে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়ে নিশ্চিত করেন সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন, ‘তেল বা কোনো পদার্থ রয়েছে কিনা তা আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি টেস্ট শেষে জানা যাবে।’

এটি উল্লেখযোগ্য যে, বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রৈমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের উপর ভিত্তি করে কূপটির খনন কার্যক্রম শুরু হয়।

বাপেক্স জানায়, চলতি বছরের ৮ জুলাই বিজয়-১০ রিগ ব্যবহার করে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খনন কাজ শুরু হয়, যা ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত সম্পন্ন করা হয়েছে। আগামী ২০ বছর পর্যন্ত কূপটি থেকে গ্যাস উত্তোলন করা হবে।

গত ২১ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী অনুসন্ধান কূপ খনন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।

বিজ্ঞাপন