রাঙ্গামাটির সাজেকে যাওয়ার পথে নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে পুলিশ ছয় পর্যটককে আটক করেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ফারদিন এহসান হৃদয় ও ইয়াছিন, হবিগঞ্জের সুশান্ত পাল, হারুন ইসলাম তুষার ও রিয়াজ উদ্দিন ভূইয়া এবং পটুয়াখালীর মোঃ সাইফুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গাড়িতে করে পর্যটকরা সাজেকের উদ্দেশ্যে রওনা হন।
বাঘাইহাট বাজার এলাকায় যানজটে আটকা পড়ার পর গাড়ির ভেতর থেকে কয়েকজন পর্যটক আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।