মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাণিসম্পদ উৎপাদনে অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুরের জয়দেবপুরে পিটিআই অডিটোরিয়ামে একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
মন্ত্রী বলেন, জনগণ যাতে নিরাপদ খাদ্য পায়, সে দায়িত্ব সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে। উৎপাদনের প্রতিটি পর্যায়ে নিরাপত্তা, মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। এছাড়া উৎপাদন ব্যয় কমিয়ে খামারিদের টিকিয়ে রাখার ওপরও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের জন্য প্রথম শর্ত হলো প্রাণীকে নিরাপদ ও মানসম্মত খাদ্য খাওয়ানো। নিরাপদ ফিড নিশ্চিত করা গেলে প্রাণী সুস্থ ও নিরাপদ থাকবে এবং সেই প্রাণী থেকে উৎপাদিত মাংস, ডিম ও দুধও নিরাপদ থাকবে। তাই খাদ্য উৎপাদনের পুরো প্রক্রিয়ায় পশুখাদ্যের মান নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী প্রান্তিক খামারিদের সুরক্ষায় সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, উৎপাদন খরচ কমিয়ে তাদের টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রান্তিক খামারিদের জন্য ব্যাংক ঋণ সহজ করা হবে। মন্ত্রী বলেন, প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে প্রাণিসম্পদ খাত শক্তিশালী হবে, আর খামারিরা শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।