ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এই অ্যাপের উদ্বোধন করেন।
ভূমিমন্ত্রী জানান, জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে কর্মস্থলে উপস্থিতি নিবন্ধন করা হবে এবং ড্যাশবোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক তদারকি করা সম্ভব হবে। এ অ্যাপের মূল উদ্দেশ্য হলো ভূমিসেবাকে আরও জবাবদিহিমূলক, গতিশীল ও জনবান্ধব করা।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম এই ছয় জেলার আওতায় ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারী এই ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, স্বল্পতম সময়ে পর্যায়ক্রমে সারা দেশে এই ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।