শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক উদ্যোগ অব্যাহত

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রয়েছে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক উদ্যোগ অব্যাহত

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে দেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়।

বৈঠকে জানানো হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী সভাপতিত্ব করেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিটি দেশের সঙ্গে অংশীদারত্ব বজায় রাখার পাশাপাশি দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়। প্রধানমন্ত্রীও ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে গুরুত্বারোপ করেছেন বলে উল্লেখ করা হয়।

অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়, যেখানে বিগত সময়ে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় গুরুতর দুর্বলতার কথা উল্লেখ করা হয়। যথাযথ যাচাই-বাছাই না করার কারণে সৃষ্ট সমস্যাগুলো বর্তমানে মোকাবিলা করতে হচ্ছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রবাসী কর্মীদের তথ্য ও নথিপত্রের যথাযথ সত্যায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়ায় উপযুক্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়।

নিরাপদ অভিবাসন ও প্রবাসী কর্মীদের স্বার্থ সুরক্ষায় প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাইগ্রেশন উইং চালু করা হয়েছে। দালাল ও অননুমোদিত মধ্যস্বত্বভোগীদের প্রতারণা থেকে সম্ভাব্য অভিবাসীদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য ‘সামাজিক সচেতনতামূলক প্রচারাভিযান’ পরিচালনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

রোহিঙ্গা সমস্যা সমাধানে অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আশা প্রকাশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, এমপি; এস কে আজিজুল বারী, এমপি; এ বি এম মোশাররফ হোসেন, এমপি; সানজিদা ইসলাম, এমপি অংশগ্রহণ করেন।

কমিটির বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন