বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে। তিনি স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন।
১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ আখ্যা দিলেই সরকারের দায়িত্ব শেষ হয় না; তাদের অধিকার নিশ্চিত করাই সরকারের কর্তব্য।
তিনি মালয়েশিয়ার শ্রমবাজারের চতুর্থবার অচলাবস্থা এড়াতে শ্রমবাজার সিন্ডিকেট ভাঙার ওপর জোর দেন। তিনি বলেন, বিরোধী দল ক্ষমতার নয়, জনগণের বিজয় চায়। সংসদ ও সংসদের বাইরে অন্যায় ও জনস্বার্থবিরোধী আইন নিয়ে তারা সরাসরি কথা বলবেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার খর্বের কোন উদ্যোগ গ্রহণ করা হলে তা মেনে নেওয়া হবে না। তিনি জানান, প্রবাসীদের ভোট বন্ধ করা হলে তা তাদের প্রতি জুলুম হিসেবে গণ্য হবে।
তিনি ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, বলেন, যদি এটি জনগণের মুখ বন্ধ করার জন্য তৈরি হয়, তবে তা মেনে নেওয়া হবে না।