সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
হাবিবুর রশিদ বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধুমাত্র সার্টিফিকেট অর্জন নয়, বরং এমন শিক্ষা প্রয়োজন যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করবে এবং আত্মনির্ভর হতে সাহায্য করবে। তিনি উল্লেখ করেন যে, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, জাতীয় সক্ষমতা তৈরি করতে শুধু মেধা যথেষ্ট নয়। মেধাকে গবেষণায়, গবেষণাকে উদ্ভাবনে, উদ্ভাবনকে উদ্যোগে এবং উদ্যোগকে কর্মসংস্থানে রূপ দিতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, শিক্ষকদের জাতি গড়ার কারিগর হিসেবে দেখতে চায় সরকার।
শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেন তিনি। হাবিবুর রশিদ বলেন, শিক্ষাব্যবস্থার পুনর্গঠন সময়ের দাবি। বর্তমান সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে এবং সরকারের প্রথম বাজেটে শিক্ষায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের মেয়াদে শিক্ষার বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই। সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। কঠোর পরিশ্রম, ধৈর্য, সাহস, চেষ্টা ও সততার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মানে ছাত্রছাত্রীদের উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের উন্নয়ন মানেই আগামী বাংলাদেশের উন্নয়ন।