শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা বাড়াবে কর্মসংস্থান

বাংলাদেশ-চীন শিক্ষা সংযোগ কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা বাড়াবে কর্মসংস্থান

শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের সংযোগ দুই দেশের অংশীদারিত্ব এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বৃহস্পতিবার গুয়াংডংয়ে অনুষ্ঠিত ‘কারিগরি শিক্ষা সেতুবন্ধন ও চীন-বাংলাদেশ অর্থনৈতিক-বাণিজ্য মেধা উন্নয়ন’ শীর্ষক সিম্পোজিয়ামে এ কথা জানান।

মাহ্দী আমিন বলেন, কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এই আয়োজন করা হয়েছে। তিনি জানান, ‘ক্লাসরুমের তাত্ত্বিক শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার সংযোগ ঘটাতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সবার জন্য বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক বাণিজ্যে এগিয়ে রাখতে মান্দারিন ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মাহ্দী আমিন উল্লেখ করেন, ‘শিক্ষক সহযোগিতা, শিক্ষার্থীদের বৃত্তি এবং পাঠ্যক্রম উন্নয়ন মাধ্যমে দ্বিপাক্ষিক শিক্ষা বিনিময় জোরদার করা প্রয়োজন। এতে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধি সম্ভব হবে।’

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন চীনের কারিগরি শিক্ষা ও প্রযুক্তিগত প্রশিক্ষণের অভিজ্ঞতা সম্পর্কে প্রশংসা করেন এবং বলেন, ‘বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরে উচ্চমানের কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

সিম্পোজিয়ামটি চীনের ১১টি শীর্ষ কারিগরি ও প্রযুক্তিগত কলেজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য, চীনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-গবেষক, শিক্ষার্থী ও শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন