রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কলেজের নিজস্ব নীতিমালায় এই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে এবং শেষ হবে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টায়। এই বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, যা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। গত বছর এই ফি ছিল ৪০০ টাকা।
নটর ডেম কলেজের ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের প্রবেশপত্রের প্রিন্টআউট সংগ্রহ করতে হবে। ভর্তি পরীক্ষার খরচ বাবদ ৫০০ টাকা অফেরতযোগ্য হিসেবে প্রদান করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠি, সংখ্যালঘু, প্রতিবন্ধি এবং মিশনারি পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের বিবেচনায় আনা হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত থাকা বাধ্যতামূলক।
বিজ্ঞান বিভাগে (বাংলা মাধ্যম) আসন সংখ্যা ১৮১০, ইংরেজি মাধ্যমের জন্য ৩২০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০ এবং মানবিক বিভাগে ৪১০টি আসন রয়েছে। ভর্তির জন্য মৌখিক পরীক্ষার প্রাথমিক তালিকা এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষার বিষয়সমূহ হবে এসএসসির সিলেবাস অনুযায়ী। বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান অন্তর্ভুক্ত থাকবে। মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান অন্তর্ভুক্ত থাকবে।