প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি আজ রোববার বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।
‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে তিনটি বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া গেছে। চলতি মাসের মধ্যে প্রতিটি বিভাগে কর্মশালা সম্পন্ন হবে।
তিনি বলেন, “কর্মশালার মতামতের ভিত্তিতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।” প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, “উচ্চ শিক্ষার বাংলাদেশ আমরা গড়তে চাই, সে লক্ষ্যে মন্ত্রণালয়, কর্মকর্তা, প্রধান শিক্ষক, শিক্ষক সবাই কাজ করছে।”
ববি হাজ্জাজ বলেন, “প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, যে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে হলে তার প্রধান করিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থা।” তিনি জানান, দেশব্যাপী প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে পর্যায়ক্রমে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
এই কর্মশালার মূল লক্ষ্য হলো মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে কীভাবে দেখতে চায় তার নির্দেশনা কর্মকর্তাদের কাছে পৌঁছানো এবং কর্মকর্তাদের দেওয়া ফিডব্যাকের আলোকে নতুন নীতিমালা প্রণয়ন করা।
কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।