দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটালাইজড করতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্ল্যাটফর্মের কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। সভায় প্রধানমন্ত্রী আরও জানান, পাইলট প্রকল্পের অভিজ্ঞতা পর্যালোচনা করে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে সাধারণ মানুষ সহজে সুফল পায় এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ হয়। রোগীর স্বাস্থ্যতথ্যের নিরাপদ সংরক্ষণ এবং চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন। তিনি বলেন, প্ল্যাটফর্মটি ব্যবহারযোগ্য, ব্যয়সাশ্রয়ী এবং দীর্ঘ মেয়াদে পরিচালনাযোগ্য হতে হবে। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন তিনি।