দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনতে সরকার ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার রাজধানীর তেজগাঁওয়ে স্বাস্থ্যখাতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার ওপর একটি সভায় এই পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা যাচাই করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, এই সমন্বিত ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে সুফল পায় এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়। রোগীর স্বাস্থ্যতথ্যের নিরাপদ সংরক্ষণ এবং চিকিৎসকদের কাছে সহজে তথ্য পাওয়ার ব্যবস্থা রাখার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে এবং প্ল্যাটফর্মটি ব্যবহারযোগ্য, ব্যয়সাশ্রয়ী ও দীর্ঘ মেয়াদে পরিচালনাযোগ্য হতে হবে। পাইলট প্রকল্পের ফলাফল মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশও দেন তিনি।
সভায় প্রকৌশলী জাকারিয়া স্বপন ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।