বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করেছে।

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই নীতিমালা অনুযায়ী, ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের এসএসসি ও এইচএসসিতে সম্মিলিত সর্বনিম্ন জিপিএ ৮.৫ থাকতে হবে। পশ্চাৎপদ জনগণের উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৮ এবং জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩ থাকতে হবে।

ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের জন্য ইংরেজিতে প্রশ্নপত্র থাকবে। পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে, যার মধ্যে পদার্থবিজ্ঞানে ১৫, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলির জন্য ১৫ নম্বর বরাদ্দ থাকবে।

লিখিত পরীক্ষায় ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ৪০ নম্বরের কম পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বিবেচিত হবে। পরীক্ষায় উত্তর দেওয়ার জন্য সময় নির্ধারিত রয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট।

ভর্তির আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে এবং একজন শিক্ষার্থী একবার আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দেওয়ার পর সর্বোচ্চ দুইবার পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে।

এছাড়া, 'ও' লেভেল, 'এ' লেভেল বা বিদেশি শিক্ষাব্যবস্থায় উত্তীর্ণ প্রার্থীদের নম্বরপত্র স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সমন্বয় করবে। ভর্তি পরীক্ষার স্কোর নির্ধারণে ১০০ নম্বরের পরীক্ষার সঙ্গে এসএসসি বা সমমানের জিপিএ এর ৮ গুণ এবং এইচএসসি বা সমমানের জিপিএ‘র ১২ গুণ যোগ করা হবে।

২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মোট নম্বর থেকে ৩ নম্বর এবং আগের শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য ৫ নম্বর কাটা হবে।

বিজ্ঞাপন