শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, সরকার প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর। আজ বুধবার ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, এটি হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী।’ তিনি আরও উল্লেখ করেন, সরকার সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত নতুন প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে।
ড. মিলন জানান, বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। যেখানে দেশের বিশ্ববিদ্যালয়গুলো হবে উৎকর্ষ কেন্দ্র এবং বিদেশি শিক্ষার্থীরাও পড়তে আসবে।
মন্ত্রী চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইসিটি, বিগ ডাটা ও রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণার গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এমআইএসটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।