বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে বরিশাল বিভাগের ভোলায় সর্বোচ্চ প্রজনন হার (টিএফআর) ৩ দশমিক ৫০ শতাংশ হিসেবে চিহ্নিত হয়েছে। অপরদিকে, খুলনার বাগেরহাটে এ হার মাত্র ১ দশমিক ৫০ শতাংশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত 'বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস' প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশের জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০ শতাংশ। ভোলার পর মাদারীপুরে ৩ দশমিক ৩০ শতাংশ, নোয়াখালীতে ৩ দশমিক ০০ শতাংশ এবং লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ শতাংশ প্রজনন হার রয়েছে।
কম প্রজনন হারের জেলাগুলোর মধ্যে যশোর, রাজবাড়ী ও নওগাঁ রয়েছে, যেখানে টিএফআর ১ দশমিক ৭০ শতাংশ। সর্বনিম্ন অবস্থানে থাকা বাগেরহাটে এ হার ১ দশমিক ৫০ শতাংশ।
বিভাগভিত্তিক হিসাবে বরিশালে প্রজনন হার ২ দশমিক ৬০ শতাংশ, চট্টগ্রামে ২ দশমিক ৫০ শতাংশ, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০ শতাংশ, রংপুরে ২ দশমিক ৩০ শতাংশ, ঢাকা ও রাজশাহীতে ২ দশমিক ২০ শতাংশ এবং খুলনায় ২ দশমিক ০০ শতাংশ।
জরিপের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বাল্যবিবাহের হারেও জেলাভেদে বড় পার্থক্য দেখা গেছে। জয়পুরহাটে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীদের মধ্যে ৫৭ দশমিক ৪ শতাংশ বিবাহিত। অপরদিকে, সিলেটে একই বয়সী নারীদের মধ্যে বিবাহিত থাকার হার ১৪ দশমিক ৩ শতাংশ।
জয়পুরহাটের পর সাতক্ষীরায় ৫৪ দশমিক ৮ শতাংশ, কুষ্টিয়ায় ৫২ শতাংশ, মেহেরপুরে ৫১ দশমিক ৫ শতাংশ এবং মানিকগঞ্জে ৫০ দশমিক ৬ শতাংশ বাল্যবিবাহের হার রয়েছে।