মাদক ও সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে যুবসমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
সোমবার (২৪ আগস্ট) টাঙ্গাইলের গোপালদিঘী কালোহা পৌজান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (সিজন-২) তে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান পৃথিবী নানা যুদ্ধ-বিগ্রহে বহুধা বিভক্ত। এই প্রেক্ষাপটে খেলাধুলা হলো শান্তি ও ঐক্য সৃষ্টির এক বিশাল শক্তি। সাম্প্রতিক আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আমরা দেখেছি কীভাবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ একই ছাতার নিচে এসে খেলা উপভোগ করে।
সারওয়াত সিরাজ শুক্লা আরও বলেন, খেলা-ধুলাকে এখন বিশ্বজুড়ে একটি প্রভাবশালী সফ্ট পাওয়ার হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ সরকার এই 'সফ্ট পাওয়ার'-এর শক্তি অনুধাবন করতে পেরেছে এবং সে কারণেই ক্রীড়া শিক্ষা ও এর চর্চার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, 'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা'—এই নীতিকে সামনে রেখে খেলাধুলাকে কেবল শখ নয়, বরং পেশা হিসেবে স্বীকৃতি দানের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।