দেশের ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। কলেজ কর্তৃপক্ষ জানায়, আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) উত্তীর্ণ পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবে, যা রোল নম্বর অনুযায়ী অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার পূর্বে ১০ সেপ্টেম্বর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের এবং ১১ সেপ্টেম্বর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। কলেজের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে এসএসসিতে প্রাপ্ত জিপিএ, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে। মনোনীত প্রার্থীদের তালিকা আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের নিচের নথিপত্র আনতে হবে: ভর্তি আবেদনের প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি এবং সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)।