ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের বহুল প্রতীক্ষিত শীর্ষ সম্মেলন।
সম্মেলনকে ঘিরে রাজধানী নয়াদিল্লিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আইনশৃঙ্খলা বাহিনী নয়াদিল্লির গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ভিভিআইপি রুটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি উচ্চপ্রযুক্তিসম্পন্ন ডেডিকেটেড কন্ট্রোল রুম স্থাপন করেছে।
এই কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক বিশ্বনেতাদের মোটরকেডের গতিবিধি ও নগরীর সার্বিক পরিস্থিতি মনিটর করা হচ্ছে।
সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরা সরাসরি অংশ নিচ্ছেন।
মধ্যপ্রাচ্যের চলমান সামরিক সংঘাত ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের ব্রিকস সম্মেলনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিবেচনা করা হচ্ছে। সদস্য দেশগুলোর মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বৃদ্ধির উদ্যোগ এবং চলমান মধ্যপ্রাচ্য সংকট এবারের শীর্ষ বৈঠকের প্রধান এজেন্ডা হিসেবে স্থান পাচ্ছে।