পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মক্কা প্যাক্ট বা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বর্তমানে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার বৃহস্পতিবার ইসলামাবাদে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, "এ বিষয়ে কোনো আলোচনা চলছে না।"
সাজ্জাদ হায়দার আরও বলেন, "পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক, যারা বর্তমানে এই জোটের অংশ, তারা নিয়মিত বৈঠক ও পরামর্শ করছে এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে।"
তিনি উল্লেখ করেন, "বর্তমানে মক্কা চুক্তি সম্প্রসারণ বা নতুন দেশ অন্তর্ভুক্ত করার কোনো প্রস্তাব বিবেচনায় নেই।"
মুখপাত্র জানান, প্রথমে এই তিন দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে হবে। এর ফলে ভবিষ্যতে একই ধরনের দৃষ্টিভঙ্গি ও প্রয়োজন রয়েছে এমন অন্যান্য দেশের জন্য এই জোটে যোগদানের পথ উন্মুক্ত হতে পারে।
তিনি বলেন, "এ বিষয়ে সিদ্ধান্ত পরে সংশ্লিষ্ট তিন দেশ পারস্পরিক পরামর্শের মাধ্যমে নেবে।"
মুখপাত্রের মতে, "বর্তমানে আলোচনা হচ্ছে না, তাই নতুন দেশ অন্তর্ভুক্তির প্রশ্ন তোলাও সময়ের আগে হয়ে যায়।"