রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পাইওনিয়ার বেসে একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাসমূহের নির্মাণ কার্যক্রম ও কমিশনিং কার্যক্রম প্রভাবিত হয়নি বলে জানিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
বিবৃতিতে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করে এবং আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, অস্থায়ী ভবনের দুটি কক্ষের অফিস আসবাবপত্র, ডকুমেন্টস, আইটি ও যোগাযোগ-সংক্রান্ত সরঞ্জামাদি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ডকুমেন্টের পর্যাপ্ত ব্যাকআপ কপি সংরক্ষিত থাকায় তথ্য সংরক্ষণ ও কার্যক্রম পরিচালনায় কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে না। প্রাথমিকভাবে স্প্লিট টাইপ এসির ইনডোর ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে বিষয়টি এখনও তদন্তাধীন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ করা হবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে। জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অগ্নিকাণ্ডটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাসমূহের বাইরে একটি অস্থায়ী ভবনে সীমাবদ্ধ ছিল এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।