চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে অবস্থিত জিয়া স্মৃতি কমপ্লেক্স যথাযথ তদারকির অভাব ও অবহেলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি 'মিনি বাংলাদেশ' নামে পরিচিত ছিল, যেখানে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শনগুলি এক ছাদের নিচে উপস্থাপন করা হয়েছিল।
২০০৬ সালে ১৬ একরের বেশি জায়গায় নির্মিত এই কমপ্লেক্সের নির্মাণ ব্যয় ছিল ৫৬ কোটি টাকা। এখানে আহসান মঞ্জিল, হাইকোর্ট, কান্তজিউ মন্দির এবং ৭১ মিটার উঁচু একটি ওয়াচ টাওয়ার ছিল। শুরুতে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও বিগত সরকারের সময়ে এর গুরুত্ব কমতে থাকে।
২০০৮ সালে সরকার পরিবর্তনের পর কমপ্লেক্সের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। জুলাই মাসের অভ্যুত্থানের পর দুর্বৃত্তদের হামলায় পুরো কমপ্লেক্স ধ্বংস হয়ে যায়। বর্তমানে এখানে ভাঙা কাঁচ, তছনছ হওয়া আসবাব এবং ঘন জঙ্গলে ঢাকা প্রাঙ্গণ যেন একটি ভুতুড়ে চত্বরের রূপ ধারণ করেছে।
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, ‘চারপাশের জরাজীর্ণ পরিবেশের জন্য অবহেলা ও বিগত সরকারের সদিচ্ছার অভাবই দায়ী।’
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন জানান, ‘দেশের এই অনন্য স্থাপত্য নিদর্শনটিকে নতুন করে সাজিয়ে আবারও সবার জন্য উন্মুক্ত করা হবে।’ চট্টগ্রামবাসী ঐতিহাসিক কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্মৃতি বিজড়িত কমপ্লেক্সটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।