চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত সামরিক অনুশীলন চলাকালে একটি দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় ১ জন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
৯ সেপ্টেম্বর, বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে পূর্বনির্ধারিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালীন সময়ে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের মুহূর্তে আকস্মিক বিস্ফোরণ ঘটে।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই কর্তব্যরত দুই সেনা সদস্য প্রাণ হারান এবং একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত আহত কর্মকর্তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
আইএসপিআর জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ ও যান্ত্রিক ত্রুটির সার্বিক দিক পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধানে সামরিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।