রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে এক যুবককে চোর সন্দেহে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বাহিনীর সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে ঘটনার সময় আনসার সদস্য শাহজামাল এক যুবককে চুরি করতে দেখে তাকে ধাওয়া করেন। পরে ওই যুবক পুরানো টিনের চালের ওপর দিয়ে দৌড়ানোর সময় পড়ে যান।
ঘটনার পর, বিটিসিএল সংস্থার স্টাফ মো. শওকত হোসেন যুবককে আটক করেন এবং আনসার সদস্যরা তাকে আটক করতে সহযোগিতা করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আনসার সদস্যরা যুবককে বিটিসিএল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন এবং পরে ঘটনাস্থল ত্যাগ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে যে আনসার সদস্যরা যুবককে ক্যাম্পে নিয়ে গিয়ে মারধর করেছেন, যা বাস্তব ঘটনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল বলে জানানো হয়। বাহিনী কোনো ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড বা মানবাধিকার লঙ্ঘনকে প্রশ্রয় দেয় না।
এছাড়া, বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রচারিত হলে তা বাহিনীর ভাবমূর্তি ও জনআস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে উল্লেখ করা হয়। তাই প্রকৃত ঘটনা উদঘাটনে গণমাধ্যমকে যথাযথ তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানানো হয়েছে।