পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর স্রোতে একটি সড়কের একাংশ ভেঙে পড়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হাজিরহাট জামে মসজিদের পশ্চিম-উত্তর পাশের সড়কের এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে সড়কটিতে ভাঙন শুরু হয়। ভাঙন অব্যাহত থাকায় আশপাশের বাসিন্দারা তাদের বাড়ি-ঘর অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হন।
স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা করছেন, সড়কটি পুরোপুরি ভেঙে গেলে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করতে পারে।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভাঙন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।