জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আজ নিউ ইয়র্কে শুরু হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। এটি ৪০ বছর পর বাংলাদেশে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ ফিরে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অধিবেশনটি আজ মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় দুপুর ৩টায়, বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে। খলিলুর রহমান জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হচ্ছেন। তার মেয়াদ ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
অধিবেশন চলাকালীন, খলিলুর রহমান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
অধিবেশন শুরুর আগে, খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বৈশ্বিক দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
গত ২ জুন, নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে খলিলুর রহমান ৯৯টি ভোট পেয়ে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পেয়েছিলেন ৯১টি ভোট।
বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো কূটনীতিক জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী প্রথমবারের মতো এই দায়িত্ব পালন করেছিলেন।