বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) রাজধানীর ধানমন্ডিতে বিসিএস অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত করেছে। সভায় সদস্যদের ব্যাপক অংশগ্রহণে প্রায় চার ঘণ্টা আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিআইজেএফের সভাপতি হিটলার এ হালিম। তিনি সংগঠনের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সহসভাপতি ভূঁইয়া মোহাম্মাদ ইনাম লেনিন স্বাগত বক্তব্য দেন।
সাধারণ সম্পাদক সাব্বিন হাসান ২০২৪-২৫ মেয়াদের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, নির্বাহী কমিটির নিয়মিত সভা ও সদস্যদের অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সাব্বিন হাসান বলেন, “বর্তমান কমিটি প্রায় শতভাগ সদস্যের ভোটে নির্বাচিত হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হয়েছে।” তিনি সংগঠনের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কোষাধ্যক্ষের দপ্তরকে সক্রিয় করার কথাও উল্লেখ করেন।
কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, “আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে অধিকাংশ লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।”
সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন। পরবর্তী অর্থবছরের হিসাব নিরীক্ষার দায়িত্ব এনকে রয় অ্যান্ড কোংকে দেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় সদস্যরা সংগঠনের কার্যক্রম ও আর্থিক স্বচ্ছতার প্রশংসা করেন। প্রশ্নোত্তর পর্বে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সভায় যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মো. মাহবুবুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য মো. এনামুল করিম উপস্থিত ছিলেন।