জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তিতে উৎসাহিত করতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজ ২০২৬’ শীর্ষক একটি দেশব্যাপী প্রতিযোগিতার আয়োজন করছে।
এই প্রতিযোগিতায় বাংলাদেশে অবস্থিত যেকোনো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ১৮ বছর বা তদূর্ধ্ব শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করতে পারবেন।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী উদ্ভাবকদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। প্রতিযোগিতার বিভাগীয় পর্ব আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার শর্ত অনুযায়ী, অংশগ্রহণকারীদের নিজস্ব উদ্ভাবিত মডেল সশরীরে উপস্থিত হয়ে উপস্থাপন করতে হবে। ধারণাটি অবশ্যই মৌলিক ও অনন্য হতে হবে; পূর্বে প্রদর্শিত বা উপস্থাপিত কোনো প্রকল্প গ্রহণযোগ্য হবে না।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমানের উপস্থিতিতে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের সুযোগ পাবেন।
আয়োজক সূত্রে জানা যায়, বিজয়ীদের জন্য গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলের সম্মাননা রয়েছে। এছাড়া, প্রথম ৫ জন বিজয়ীকে তাদের স্টার্টআপের জন্য আকর্ষণীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।